দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন, মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার অধিকার রাখেন না।
শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবিধান অনুলিখন না সংশোধন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘‘যেদিন শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন, সেদিন থেকেই সংবিধান নষ্ট হয়ে গেছে। একজন রাষ্ট্রপতি যখন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, আবার পরে বলেন, তার পদত্যাগপত্র তার কাছে নেই বা তিনি পাননি—এমন মিথ্যা কথা বলতে পারেন, তখন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন। ওই চেয়ারে তার থাকার আর কোনো বৈধতা নেই।’’
তিনি আরও বলেন, ‘‘এই সংবিধান একটি বিশেষ পরিবারের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই সংবিধানে বলা হয়েছে, এটি অপরিবর্তনীয়। এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী সারাজীবন ক্ষমতায় থাকবে। এর মানে, শেখ মুজিব ১৯৭২ সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনা এই সংবিধান অনুযায়ী অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছেন।’’
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রেজা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার ও জেলা জজ ইফতেদার আহমেদ প্রমুখ।


