বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “যদি ভারতের শেখ হাসিনার প্রতি এত ভালোবাসা থাকে, তাহলে তাদের উচিত হবে হাসিনার জন্য আরেকটি তাজমহল তৈরি করা।”
রোববার (১৭ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একটি স্বাধীন দেশ নিয়ে তারা এমন অপপ্রচার চালাতে পারে, এটা দুঃখজনক। আমাদের হিন্দু-মুসলিম সম্প্রদায় যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে। আপনারা ষড়যন্ত্র করছেন, আর এটা এখনই থামানো উচিত।”
তিনি আরো বলেন, “মেগা প্রকল্পের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডলার পাচার করেছেন। মেট্রোরেল, পদ্মা সেতুর মতো প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগের এক এমপির সম্পদ—২৫০ মিলিয়ন পাউন্ড, অসংখ্য বাড়ি লন্ডনে। তারা অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, বিনা ভোটে সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।”
রিজভী শেখ হাসিনার ক্ষমতায় থাকার পদ্ধতির সমালোচনা করে বলেন, “হাসিনা বলতেন, ‘আমাকে ক্ষমতায় রাখো, তারপর তোমরা যা ইচ্ছে করো’। পুলিশের একজন আইজির বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। আর আমাদের কাছে ঋণ এসেছে ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে—এটাই শেখ হাসিনার অবদান।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনি তো কোনো প্রমাণ দিতে পারেননি। বরং আপনি পালিয়ে গেছেন, অথচ খালেদা জিয়া তো পালাননি। দুর্বিষহ দুঃশাসনকে তিনি বরণ করেছেন। ভাঙা একটি বিল্ডিংয়ে দুই বছর তাকে আটকিয়ে রেখেছিলেন। তিনি কখনো পালিয়ে যাননি। আওয়ামী লীগ হলো দুর্বৃত্তদের দল, আর এটাই বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য।”
এ সময় লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলের অন্যান্য নেতারা।


