যুক্তরাজ্যে সফররত জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান দেশের পাচারকৃত টাকা ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত পেলে তা বাংলাদেশের জনগণের জন্য বড় একটি সহায়তা হবে এবং তারা এজন্য যুক্তরাজ্যকে কৃতজ্ঞ থাকবে।’’
রোববার লন্ডনের রয়েল রিজেন্সি হলে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরো বলেন, ‘‘সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয়, কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। ১৬ বছর ধরে তারা দেশের মানুষের সঙ্গে যা করেছে, তার জন্য একদিন তাদের বিচারের সম্মুখীন হতে হবে।’’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণ করেছে এবং একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। ‘‘তারা দেশের জনগণের চোখের সামনে মানুষ হত্যার অপরাধ করেছে। আমরা চাই, ন্যায়বিচারের মাধ্যমে তাদের বিচার করা হোক,’’ বলেন তিনি।
ডা. শফিকুর রহমান নিজেকে অন্যায় বিচারের শিকার হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছিল, আমি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমাচ্ছিলাম।’’
তিনি ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘‘এটাই ছিল তাদের খুনের রাজনীতির সূচনা।’’
অতঃপর, জামায়াত আমির যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘আওয়ামী লীগের নিপীড়িতদের আশ্রয় এবং নাগরিকত্ব দেওয়ার জন্য আমি যুক্তরাজ্য সরকারের প্রতি ধন্যবাদ জানাই। আমি আশা করি, আপনারা কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবেন না।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিজেদের মর্যাদার সঙ্গে বাস করবে এবং নারীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবে। আমাদের বিশাল জনশক্তিকে আমরা এক অনন্য আশীর্বাদে পরিণত করতে চাই।’’


