বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ যদি আরেকটি সুযোগ পায়, তারা কাউকেই ছাড়বে না। তাই আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায়, তারা সবাইকে ধ্বংস করে দিবে। তাই আমাদের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, যাতে তারা পুনরায় নির্যাতন ও লুটপাটের সুযোগ না পায়।’
বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যদি সবাই একসাথে থাকি, তাহলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ষড়যন্ত্র সফল না হয়, সে জন্য আমাদের ঐক্য অপরিহার্য।’
রাজপথের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে রাজপথে যেসব আন্দোলন চলছে, তাদের দাবি ন্যায্য, তবে আন্দোলনের ধরন কিছুটা সন্দেহজনক। শেখ হাসিনার পতনের পর নতুন নতুন আন্দোলন শুরু হয়েছে। ১৬ বছর ধরে এসব দাবি কেউ তোলে নি। এখন তারা ভারতের সরকারের কাছে এসব দাবি করছে।’
ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘জুলাই মাসে বিপ্লবে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে, তাও তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা বিবৃতি দেয়।’
এ সময় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনা একটি টেকনিক্যাল কাজ নয়, এটি একটি রাজনৈতিক কাজ।’


