27.7 C
Dhaka
Saturday, June 13, 2026

লংমার্চ নিয়ে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের যাত্রা

advertisment
- Advertisement -spot_img

ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লংমার্চ শুরু করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় লংমার্চের গাড়িবহর রাজধানী থেকে যাত্রা করে।

লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, “আমরা শান্তিপূর্ণ লংমার্চের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।”

লংমার্চে অংশ নিতে শত শত মাইক্রোবাস ও প্রাইভেট কার কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত সারিবদ্ধভাবে অবস্থান নেয়। প্রতিটি গাড়িতে লংমার্চের স্টিকার, জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা দেখা যায়।

লংমার্চটি রাজধানীর ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা করবে। এরপর আখাউড়ায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এসএম জিলানী ও নাজমুল হাসান।

এর আগে গত ৮ ডিসেম্বর ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের সামনে পদযাত্রা করে প্রতিবাদ জানায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। একইসঙ্গে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ