বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে ভয় পায় না। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই ত্যাগের মর্যাদা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।
গত ১৫ বছরে মৌলিক অধিকার হরণের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, “অনেক যোগ্য কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের ওএসডি করা হয়েছে। গুম, খুন এবং নির্যাতনের মাধ্যমে বিরোধী মতকে দমন করা হয়েছে। সবচেয়ে বেশি ফ্যাসিজম ও জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগের জুলুম থেকে বয়স্ক মানুষরাও রেহাই পায়নি।”
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “একটি যৌক্তিক রোডম্যাপ তৈরি করতে হবে। বিগত সরকার আসন পুনর্বিন্যাসের নামে অন্যায় করেছে। নতুন করে সেসব ঠিক করতে হবে। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।”
শফিকুর রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় দেশের মানুষের অধিকার রক্ষায় একত্রে কাজ করার।”
সুত্র২৪


