বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছরে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। দেশকে ডুবিয়ে পালিয়ে গেছেন। বিএনপি এখন অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে মাঠে নেমেছে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য দেশে ফেরত আনার কথা জানিয়ে তিনি বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে দানবীয় শাসনের পুনঃপ্রতিষ্ঠা না হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুরের শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, “শেখ হাসিনা গণহত্যা, লুটপাট এবং দেশের উন্নয়ন কাঠামোকে পুরোপুরি ধ্বংস করেছেন। ব্যাংক, বীমা এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন। নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছরে বিএনপিকে আন্দোলনের জন্য সংগঠিত করেছেন। আমাদের নতুন উদ্যোগ, ভাবনা ও পরিকল্পনার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আগামীর নির্বাচন কঠিন হতে পারে। সেভাবেই সংগঠনকে প্রস্তুত করতে হবে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই করছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চব্বিশের গণ-অভ্যুত্থান ও বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।”
সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু এবং বিএনপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


