34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো, বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব: জামায়াতের আমির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাম্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। এখানে ধর্ম, লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে।”

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি।”

শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, “শিক্ষার্থীরা অসাধ্য কাজকে সাধ্য করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেব।”

সরকারের আর্থিক কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও বলেন, “ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাবার আগে ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেপুটে খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশ ছেড়ে পালায় কারা, যারা সন্ত্রাসী ও অপরাধী। যে দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। যে পালিয়েছে তিনি সেই দিন বলেছিলেন, আমি ওমুকের মেয়ে আমি পালাই না।”

মৌলভীবাজারের প্রবাসীদের অবদানকে স্বীকার করে তিনি বলেন, “মৌলভীবাজার একটি প্রবাসী এলাকা। প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ।” তবে, তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এ জেলায় সরকারিভাবে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়নি। এখানে নেই কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়।”

জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ