বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আয়োজিত সমাবেশে দলের নেতারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “সংস্কারের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক দল এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, “জনজীবনের সংকট নিরসন ও জানমালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে।”
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “বাজার ব্যবস্থায় কোনো পরিবর্তন আনেনি অন্তর্বর্তী সরকার। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে স্বৈরাচারী শক্তি আবার ক্ষমতায় আসতে না পারে। ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদের প্রভাবিত শক্তিকে ক্ষমতায় বসাতে চায়। তাই বাম দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে জনগণের দাবি পূরণে বাম দলগুলো আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”
সমাবেশে আরও জানানো হয়, সিপিবি নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং শ্রমিক-কৃষকদের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলে ধরেছে।
সমাবেশ থেকে ২০ থেকে ২৭ জানুয়ারির মধ্যে দেশব্যাপী “গণতন্ত্রের অভিযাত্রা” কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া ১০ জানুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে।
সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টনে গিয়ে শেষ হয়।


