33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল গণঅধিকার পরিষদ, সন্দেহের চোখ সারজিসের দিকে

advertisment
- Advertisement -spot_img

গণঅধিকার পরিষদ দলের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে দলটি। রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নেতাকর্মীরা নিজেরাই ব্যবস্থা নেবে। এ হামলার পেছনে বারবার সারজিসের নাম আসছে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে। এ ঘটনায় বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।”

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করা হবে এবং তার অপসারণের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।”

এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজিত নাগরিক সমাবেশে ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যাসিবাদ বিরোধী ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত সমাবেশে ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এসময় সভায় উপস্থিত কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর তাকে ঘিরে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা ফারুক ও তার সঙ্গীদের ওপর হামলা চালায় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে।

হামলার শিকার ফারুক হাসান দৌড়ে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে এবং মারধর করতে থাকে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

গণঅধিকার পরিষদ দলটি হামলার নেপথ্যের কারণ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ