34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, যশোরে বিএনপির ৫ কর্মী আহত

advertisment
- Advertisement -spot_img

যশোর সদরের বড় হৈবতপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপিকর্মী জিয়া (৩৫) এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য পাপ্পু।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরামনকাটি ইউনিয়নের ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের বড় হৈবতপুর গ্রামে চাষাবাদের জমি রয়েছে। তিনি জোরপূর্বক গ্রামবাসীর জমির আইল কেটে নিজের জমিতে সেচের পানি সরবরাহ করছিলেন। এ নিয়ে গ্রামবাসী প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আনিসুর রহমান স্থানীয় মসজিদে মাইকে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক জড়ো করেন।

এ সময় বড় হৈবতপুরের বাসিন্দারাও সংঘর্ষস্থলে উপস্থিত হন। যুবদল নেতা রাজু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে সমঝোতার পর ফেরার পথে আনিসুরের নেতৃত্বে শফিক, তৌহিদ ও রমজানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে বিএনপির পাঁচ কর্মী গুরুতর আহত হন। পরে হৈবতপুরের লোকজন প্রতিরোধ গড়ে তুললে আনিসুরের অনুসারীরা পালিয়ে যায়।

আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষে জড়িত আনিসুরের সহযোগী শফিকও আহত হন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে, পরে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। একজনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ