ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের ঐতিহাসিক ঘটনায় কার অবদান বেশি, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকে একে ‘জনগণের বিপ্লব’ বলছেন, আবার কেউ কেউ নির্দিষ্ট ব্যক্তিদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছেন। এ নিয়ে বিভিন্ন মহল থেকে মতামত প্রকাশ করা হচ্ছে।
সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের একটি পোস্ট নতুন করে বিতর্ক উসকে দেয়। তার পোস্টটি শেয়ার করে নানাজন মতামত দিয়েছেন, কেউ সমর্থন করেছেন, কেউবা ভিন্নমত প্রকাশ করেছেন।
এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদিনে হয়নি, তেমনি ৫ আগস্টের বিপ্লবও দীর্ঘ সংগ্রামের ফসল।”
মির্জা ফখরুল লেখেন, “বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। এর জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, আত্মত্যাগ করেছেন। তাই এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো জাতির।”
তিনি আরও বলেন, “হাসিনার স্বৈরাচারী শাসনের পতনও কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। বছরের পর বছর ধরে ত্যাগ, রক্ত ও সংগ্রামের ফসল এটি। হাজারো শহীদ, আহত, গুম হওয়া মানুষদের রক্তের বিনিময়ে ৫ আগস্টের বিপ্লব বাস্তবায়িত হয়েছে।”
“এই কৃতিত্ব সবার,” উল্লেখ করে ফখরুল আরও লেখেন, “ছাত্র-জনতা, সাধারণ মানুষ, রিকশাচালক, ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, প্রবাসী, বিদেশি শুভাকাঙ্ক্ষী, আমাদের সাহসী প্রতিরক্ষা বাহিনী এবং অবশ্যই রাজনীতিবিদদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিজয় এসেছে।”
নিজের দলের ভূমিকাও স্মরণ করে তিনি বলেন, “আমরা, বিএনপির নেতাকর্মীরা, সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকেছি এবং থাকব। এখন আমাদের দায়িত্ব দেশ পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশ সবার আগে! বাংলাদেশ জিন্দাবাদ!”
সুত্রা২৪


