শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলের নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে তিনি নিজেই গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে প্রস্তুত। সোমবার সকালে অনুষ্ঠিত এ পথসভায় তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আজহারুল ইসলামের মুক্তি মানেই ন্যায়বিচারের প্রতিষ্ঠা। তার মুক্তির মাধ্যমে হয়তো দেশ সম্পূর্ণ মুক্ত হবে না, তবে একজন নিরপরাধ মানুষ তার প্রাপ্য স্বাধীনতা ফিরে পাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। টানা ১৫ বছরের দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের ছাত্র ও যুবকদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেটাই দেশের মুক্তির পথ তৈরি করেছে।”
যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, “একটি আদর্শ সমাজ গঠনের জন্য যুবকদের দুটি গুণ থাকা জরুরি—গভীর দেশপ্রেম ও আল্লাহভীতি। যদি তারা এই দুটো শক্তি ধারণ করে এগিয়ে আসে, তাহলে তারা দেশের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহাড়সম শক্তি হয়ে দাঁড়াবে।”
জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
সুত্রা২৪


