31.6 C
Dhaka
Monday, June 22, 2026

সেনাপ্রধানের আশা: ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন

advertisment
- Advertisement -spot_img

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আজ আমি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে আসব।”

তিনি আরও বলেন, “আজ পুলিশ সদস্যরা কাজ করছে না, কারণ অনেকেই জেলে। র‍্যাব ও বিজিবি আতঙ্কিত। দেশের শান্তিরক্ষা দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, আনসার বাহিনীও রয়েছে। ৩০ হাজার সেনা সদস্য নিয়ে আমরা কীভাবে শান্তি বজায় রাখব?”

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “আমার মনে হয়, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, ১৮ মাস আগে বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।”

তিনি সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে বলেন, “হানাহানি না করে, দেশ ও জাতির কল্যাণে এক থাকতে হবে। যদি নিজেরা একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করি, তবে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।”

তিনি সতর্ক করে দেন, “আমি আগে থেকে সতর্ক করেই বলছি, পরে কেউ বলতে পারবেন না যে আমি সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু সম্ভব দেশকে একত্রিত রাখতে সাহায্য করছেন।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো রয়েছে, তবে কেন জানি না। আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমাদের ভালো উপদেশ দিন, আমরা তা গ্রহণ করব। আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।”

তিনি আরও বলেন, “বর্তমানে একটি অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং অপরাধীরা এর সুযোগ নিচ্ছে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ