সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবার এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এই অর্থ দেশের বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাবে সংরক্ষিত রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন (গালিব) এই আদেশ প্রদান করেন। দুদকের করা মামলার তদন্তের অংশ হিসেবে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন জানানো হয়।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি, ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।
দুদকের মতে, আনিসুল হক অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র স্থানান্তর, বিক্রয় বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। অন্যথায়, মামলার বিচারকালে রাষ্ট্রের পক্ষে এসব সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে, যা জাতীয় স্বার্থের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, সাবেক মন্ত্রী অসাধু উপায়ে আয় করা অর্থের বৈধতা দেখাতে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
সুত্রা২৪


