বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করা হয়েছে।
শনিবার (২ মার্চ) রাত ১০টায় সংগঠনের মুখ্য সংগঠক আলী মিলন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
ভিডিওটি ২ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের, যেখানে নাহিদ হাসানকে দেখা গেলেও অপর ব্যক্তিকে দেখা যায়নি। ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে, সে তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে শোনা যায়, পুকুর খনন ও বালু উত্তোলন নিয়ে নাহিদ হাসানের সঙ্গে এক ব্যক্তির কথা হচ্ছে। সেখানে অপর ব্যক্তি বলেন, “এক লাখ টাকা দিতে পারব না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।”
জবাবে নাহিদ হাসান বলেন, “ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন, সময় নেন।”
তিনি আরও বলেন, “আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। সংগঠন চালাতে হলে কী করতে হয়, জানেন তো।”
অভিযোগ অস্বীকার করে নাহিদ বলেন, “আমরা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে গিয়ে ফাঁসানোর শিকার হয়েছি। চাঁদা দাবি করিনি, বরং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “কেউ প্রমাণ করতে পারবে না যে আমি টাকা নিয়েছি, কারণ আমি এমন কিছু করিনি।”
গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন অভিযোগ করে বলেন, “আমার পার্কের জন্য পুকুর খননের কাজ চলছিল। তখন নাহিদ হাসান এক লাখ টাকা চাঁদা দাবি করে। এর কল রেকর্ডও আছে, যা আমি প্রকাশ করেছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হতে পারে, তবে শোকজের মাধ্যমে তার জবাব চাওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেজে এটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।”
সংগঠন থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নাহিদ হাসান রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী এবং গত বছরের ২৪ নভেম্বর ঘোষিত ১১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মুখপাত্র নির্বাচিত হন।
সুত্রা২৪


