বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রকাশ্যে এক নারীকে কিল-ঘুষি মারছেন, আর পথচারীরা তাকে থামানোর চেষ্টা করছেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোডের একটি পোশাকের দোকানে। অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের মালিক জাকির হোসেন, যিনি বাকেরগঞ্জ পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।
ভুক্তভোগী নারী জানান, তিনি পোশাক কিনতে দোকানে গেলে দোকানমালিক তাকে শারীরিকভাবে হয়রানি করেন। প্রতিবাদ করলে একপর্যায়ে তিনি মারধরের শিকার হন এবং দোকানের বাইরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়।
তবে অভিযুক্ত জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই নারী ও তার ছেলে প্রথমে আমার ওপর হামলা করেছিল, আমি আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছি।”
বিএনপি নেতারা এ ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবুদ্দিন শাহিন তালুকদার জানান, “ভিডিওটি দেখেছি, তবে বিস্তারিত কিছু জানি না।”
এদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন জমাদ্দার দাবি করেন, “আসলে নারীকে মারধর করা হয়নি। তার ছেলে জুতা নিক্ষেপ করলে দোকানমালিক ক্ষিপ্ত হয়ে ছেলেটিকে মারধর করেন। নারী শুধু ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন।”
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সুত্রা২৪


