27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

আদালত চত্বরে পলক: ‘ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’

advertisment
- Advertisement -spot_img

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর প্রিজন ভ্যানে ওঠার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ সুবিচারের জন্য রুখে দাঁড়াও।’

সোমবার (১০ মার্চ) দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, কারাগারে থাকা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? জবাবে পলক বলেন, ‘সত্যের পথে চলতে গেলে বাধা আসেই। আমি ন্যায়বিচারের অপেক্ষায় আছি।’

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় তিনি বলেন, ‘সত্য উচ্চারণ করলেই মামলা বাড়ে। কিন্তু অন্যায় মেনে নেওয়ার মানুষ আমি নই।’

পলকের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তা নামঞ্জুর করেন।

তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানান, ‘পলককে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে, যা তার মৌলিক অধিকারের পরিপন্থী।’

দুদকের মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, পলক অবৈধ উপায়ে ৮ কোটি ৭৩ লক্ষ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা ও ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলন করে মানিলন্ডারিং করেছেন।

মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি একাধিক মামলায় রিমান্ডে রয়েছেন এবং বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ