কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সাংগঠনিক সভাকে কেন্দ্র করে সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের একটি মিলনায়তনে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল কর্মী সবুজ, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদল কর্মী ইউসুফ, যুবদল কর্মী ইকবালসহ একাধিক নেতাকর্মী রয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে সাবেক এমপি মুজিবুল হকের ব্যক্তিগত কার্যালয়টি স্থানীয় বিএনপি নিয়ন্ত্রণে নিয়ে তাদের অফিস করে। এ অফিসে সোমবার অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কামরুল হুদা ও হিরণ মোল্লা-জুয়েল পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল জানিয়েছেন, তারা কামরুল হুদা পক্ষের বাধার কারণে সভাস্থলে প্রবেশ করতে পারেননি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার শিকার হন।
এদিকে, কামরুল হুদা পক্ষের দাবি, তাদের সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সংঘর্ষের জন্য হিরণ মোল্লার পক্ষের নেতাকর্মীরা দায়ী।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রা২৪


