30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

অছাত্র-ছাত্রলীগ কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি, ৭ জনের পদত্যাগ

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রি কলেজের পদবঞ্চিতরা অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগ কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে, কমিটিতে স্থান পাওয়া ১১ সদস্যের মধ্যে ৭ জন পদত্যাগ করেছেন

গতকাল (২৪ মার্চ) সোমবার দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির-কে অবাঞ্ছিত ঘোষণা করে, কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষোভকারীরা।

জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালী জেলার সন্তান। দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকায় স্থানীয় ছাত্ররা মূল্যায়ন পাননি। কিন্তু সম্প্রতি কমিটিতে ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত এবং ব্যবসায়ী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়ে পদবঞ্চিতরা এই বিক্ষোভে অংশ নেন।

রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালী জেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। তবে, বামনী ডিগ্রি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটিতে ৭ জন পদত্যাগ করেছেন, কারণ তারা দাবি করছেন, অযোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

মোহাম্মদ ইয়াজ উদ্দিন সাকিব, বামনী ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, ঢাকা পোস্টকে জানান, বেশিরভাগ কমিটি একতরফা হয়েছে এবং অযোগ্য ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। তিনি বলেন, “আমরা যোগ্য নেতৃত্ব চাই, পকেট কমিটি নয়।”

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন বলেন, “অছাত্র, বিবাহিত এবং সাবেক ছাত্রলীগ কর্মী দিয়ে কমিটি গঠনের ফলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।”

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে সালাউদ্দিন কামরান, শাহীন ইকবাল বাহার, মো. শামছুল ইসলাম, মো. ইমাম উদ্দিন, রিফাত হোসেন এবং নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ