আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে বাতিল করাকে বড় ধরনের রাজনৈতিক সংস্কার হিসেবে দেখছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “ফ্যাসিজম যেন এই দেশে আর জায়গা না পায়, সে জন্য আওয়ামী লীগ ও তাদের ফ্যাসিবাদী কাঠামোকে বাতিল করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার।”
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এনডিএমের পক্ষ থেকে ববি হাজ্জাজের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে ববি হাজ্জাজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনাগুলোর বড় একটি অংশের সঙ্গে এনডিএম একমত। তিনি বলেন, “আমরা এই সংস্কারগুলোকে বড় পরিসরে দেখতে চাই, যেন তা দিয়ে একটি প্রকৃত জনবান্ধব সরকারব্যবস্থা গড়ে তোলা যায়।”
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুযোগ করে দিতেই জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। যদিও তিনি ওই দলের নাম প্রকাশ করেননি, ইঙ্গিতে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে বলেও মন্তব্য করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে এনডিএম শুরুতে ৯৪টিতে একমত, ২৫টিতে দ্বিমত এবং ৪৪টিতে আংশিক একমত ছিল। তবে মঙ্গলবারের আলোচনায় আরও কিছু বিষয়ে একমত হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। “তাদের ব্যাখ্যার পর এখন ১০০টিরও বেশি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি,” বলেন তিনি।


