নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোনো স্পষ্ট সময়সীমা না পাওয়ায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচন বিষয়ে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে—এই ধরনের অস্পষ্টতা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।”
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়েছি—ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বেড়ে যাবে।”
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ আলোচনা থেকে স্পষ্ট, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রস্তাব ও সময়সূচি বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। রাজনৈতিক অচলাবস্থার নিরসনে সামনে আরও সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে দলটি—এমন ইঙ্গিতও দিয়েছেন মির্জা ফখরুল।
[বিস্তারিত আসছে…]


