জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। তিনি জানিয়েছেন, ন্যূনতম সংস্কার নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছে এনসিপি। এমন পরিবর্তন ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করলে তা গ্রহণযোগ্য হবে না।
আজ (১৬ এপ্রিল) ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশ নেবে কিনা, তা এখনও বিবেচনার বিষয়।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে এবং চাঁদাবাজি এবং অপরাধ নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, “এ ধরনের প্রশাসন থাকলে নির্বাচন করা সম্ভব নয়। একটি নিরপেক্ষ প্রশাসন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
এনসিপির তিনটি মূল দাবির মধ্যে রয়েছে— সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন। নাহিদ ইসলাম বলেন, “আমরা সংস্কার কমিশনে আমাদের প্রস্তাবনা দিয়েছি, এবং আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি।”
এনসিপি নেতারা জানান, তারা প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইমফ্রেম সমর্থন করলেও, নির্বাচনের পূর্বে বিচার ও সংস্কার কার্যক্রম নিশ্চিত করতে হবে।
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে, এনসিপি নেতারা তাদের দলের রাজনৈতিক অবস্থান, সংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ লক্ষ্য ব্যাখ্যা করেছেন। এছাড়া, বিচারের রোডম্যাপ এবং সংস্কারের বাস্তবায়ন ছাড়াই নির্বাচন সম্ভব হবে না বলে মনে করেন তারা।


