সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “তারা যখন সংস্কারের দন্তস্য উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব নিরুজ্জামান খান।
নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, বরং বিএনপি একটি সংস্কারমুখী রাজনৈতিক দল। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনগণকে। জনগণের সম্মতিতেই হতে হবে সব সিদ্ধান্ত।”
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লম্বা আন্দোলনের ইতিহাস আছে। এবার আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে। আমরা সেটিকে কাজে লাগাতে চাই। কমিশন ও সরকারকে সহযোগিতার মনোভাব নিয়েই আমরা আলোচনা করছি।”
তিনি আরও বলেন, যদি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলাদা কোনো সনদ তৈরি নাও হয়, তবুও বিএনপির নিজস্ব সংস্কারের রূপরেখা রয়েছে। “সবকিছুতেই জনগণের সম্মতি থাকা জরুরি। আর জনগণ কাদের মাধ্যমে সম্মতি জানায়, আমরা তা জানি।”
আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা, যার মাধ্যমে দেশে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।”
কমিশন সূত্র জানায়, দিনব্যাপী এই আলোচনা চলতে পারে। প্রয়োজন হলে আগামী সপ্তাহেও বিএনপির সঙ্গে পুনরায় বৈঠকে বসবে কমিশন।
প্রসঙ্গত, সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কমিশনটি গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। ইতোমধ্যে সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন বিষয়ে প্রণীত ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোকে পাঠিয়ে মতামত আহ্বান করা হয়।
সুত্রা২৪


