সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের ৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৬টির সঙ্গে দ্বিমত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, “কমিশনের প্রস্তাবিত সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং ১৬টির সঙ্গে দ্বিমত পোষণ করেছি।”
বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরিই আমাদের লক্ষ্য। এ প্রক্রিয়ায় বিএনপির ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়।”
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সংবিধান সংস্কার চলমান একটি প্রক্রিয়া। বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয় বরং সময়োপযোগী সংস্কারেই আগ্রহী।”
তিনি আরও জানান, “যদিও সব প্রস্তাবে ঐকমত্য হয়নি, তবে বিএনপির নিজস্ব ৩১ দফা সংস্কার রূপরেখা রয়েছে। আগামীর রাজনীতি সেই রূপরেখাকে কেন্দ্র করেই পরিচালিত হবে।”
উল্লেখ্য, গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দেয় এবং এরপর থেকে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সুত্রা২৪


