ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে লালমনিরহাটের যুবক হাসিনুরের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমার প্রশ্ন—হাসিনুর কি মানুষ না? বুকের ওপর পা দিয়ে গুলি করে কেউ মানুষকে হত্যা করতে পারে?”
শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট কালেক্ট্ররেট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই, তবে আমাদের নিরাপত্তা ও সম্মানের ব্যাপারে কোনো আপস নয়। তারা যদি আমাদের ভালোবাসে, তবে আমাদের ভালো থাকতে দিতে হবে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরেই নির্বাচন হবে। আমরাও নির্বাচন চাই, তবে তার আগে খুনিদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। শুধু পেশিশক্তির মাধ্যমে করা নির্বাচন দেশবাসী মেনে নেবে না।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যেখানে কাউকে মসজিদ-মন্দির পাহারা দিতে না হয়। সংখ্যালঘু নয়, সকল নাগরিকই নিরাপত্তা পাবে। আমি ওয়ারেন্টি দিচ্ছি—দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো অন্যের সম্পদ, সম্মান নষ্ট করে না। আমরা সৎ লোকের শাসন এবং কোরআনের আলোকে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের পাশে চাই।”
বিস্তারিত আসছে…


