ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, “সন্ত্রাস ও চাপিয়ে দেওয়া মতবাদ থেকে শিক্ষাঙ্গন মুক্ত করতে ছাত্রদল এখন সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করছে।”
রোববার (২০ এপ্রিল) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নাসির বলেন,
“ছাত্রলীগের সন্ত্রাসীরা একসময় শিক্ষার্থীদের ওপর নিজেদের মত চাপিয়ে দিয়ে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিল। নারী শিক্ষার্থীদের প্রতি নানাভাবে নির্যাতন চলেছে। আমরা সেই অন্ধকার থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতে চাই।”
তিনি জানান, নেতৃত্ব নির্বাচনে শিক্ষার্থীরা ঘন্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। অন্য কোনো ছাত্রসংগঠনে এমন গণতান্ত্রিক চর্চা দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র ও ইতিবাচক রাজনীতির দিকে অগ্রসর
নাসির উদ্দিন বলেন,
“গণঅভ্যুত্থানের পর দেশে ইতিবাচক ছাত্র রাজনীতি ফিরেছে। আমরা সেই ধারায় এগিয়ে চলেছি। এরই মধ্যে দেশের ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে, ভবিষ্যতে তা বাড়িয়ে আড়াই হাজার করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনব্যবস্থায় জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মধ্যেই গণতন্ত্রের চর্চা শুরু হচ্ছে।
মাদরাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি
ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, মাদরাসা শিক্ষার্থীদের অতীতে অবহেলিত রাখা হয়েছিল। বর্তমানে ছাত্রদল এসব শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে।
নারীর অংশগ্রহণের উপর জোর
নাসির বলেন,
“সাড়ে ১৫ বছর ধরে নারী শিক্ষার্থীদের পিছিয়ে রাখার প্রবণতা ছিল। আমরা চাই প্রতিটি ইউনিটে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হোক।”
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন
কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিবুল ইসলাম রাকিব, সানোয়ার হোসেন, শরিফুল ইসলাম ও মো. ইমরান হোসেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহফুজুর রহমান শ্রাবণ, মো. ওলি হোসেন, মিজানুর রহমান মিঠু, সাকিব হাসানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুত্রা২৪


