সংবাদ:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি জানান, “বৈষম্যবিরোধী নেতাদের অন্তত দুইজন সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত এবং আরও কয়েকজন আশপাশে ছিল—সিসিটিভি ফুটেজে তার প্রমাণ মিলেছে।”
তিনি বলেন, ঘটনার পর তারা বনানী থানায় গিয়ে তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং অভিযুক্তদের বাঁচাতে চাপ সৃষ্টি করে। এরপর রাতেই এক প্রেস কনফারেন্সে তারা নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে, যা তাদের নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখেন রাকিব।
ছাত্রদল সভাপতি বলেন, “নেতৃত্বের অভিজ্ঞতার ঘাটতি থাকলেও এভাবে মিথ্যাচার করা উচিত হয়নি। আশা করি, তারা ভুল বুঝে সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের শাস্তি নিশ্চিত করবে।”
ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, “বিগত ১৫ বছর ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে। আজও কিছু অনুসারী সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এসব ঠেকাতে ছাত্র রাজনীতিকে সহনশীলতার পথে পরিচালিত করতে হবে।”
এর আগে রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি ইজাজুল কবীর রুয়েলসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নিহত পারভেজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর, দক্ষিণ জেলা ও ভালুকা উপজেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।


