27.2 C
Dhaka
Monday, June 15, 2026

নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

advertisment
- Advertisement -spot_img

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে দলটি।

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ডা. তাহের জানান, ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলসে সদ্যসমাপ্ত সফরের ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, জামায়াত তার ওপরই আস্থা রাখবে।

বৈঠকে জামায়াত ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানায় এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য সহযোগিতা চায়।

ডা. তাহের আরও জানান, ব্রাসেলস সফরের সময় ইইউ নেতারা বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং গার্মেন্টস খাত নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছিলেন। জামায়াত তাদের স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে জামায়াত। বৈঠকে এই ইস্যু নিয়েও আলোচনা হয়। ডা. তাহের জানান, কমিশনের সুপারিশে যৌনকর্মীদের পেশাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নারীর মর্যাদা ও অধিকারের ওপর চরম আঘাত বলে তারা রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও ইউরোপের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ