27.2 C
Dhaka
Monday, June 15, 2026

বিএনপির তিন অঙ্গ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।

রবিবার (২৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর অঞ্চলে ভাগ করে এ কর্মসূচি নেয়া হয়েছে।

মোনায়েম মুন্না বলেন, কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল উন্নয়নের একটি বাস্তবসম্মত মডেল গড়ে তোলা।

কর্মসূচির বিবরণ:

  • চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ:
    ৯ মে সেমিনার—কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে আলোচনা।
    ১০ মে সমাবেশ—তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে।
  • খুলনা ও বরিশাল বিভাগ:
    ১৬ মে সেমিনার—শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে।
    ১৭ মে সমাবেশ—রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।
  • রাজশাহী ও রংপুর বিভাগ:
    ২৩ মে সেমিনার—কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে।
    ২৪ মে সমাবেশ—তরুণদের রাজনৈতিক অধিকারের দাবিতে।
  • ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ:
    ২৭ মে সেমিনার—অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনায় তারুণ্য।
    ২৮ মে সমাবেশ—রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের ঐক্যের বহিঃপ্রকাশ।

মোনায়েম মুন্না আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে সরাসরি সংলাপ গড়ে তুলবে বিএনপি। আলোচনায় কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ন, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য, একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণে তরুণদের সম্পৃক্ত করা। পাশাপাশি জনগণের মতামত সংগ্রহ করে আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিমালাকে আরও জনকল্যাণমুখী ও দায়িত্বশীল করা।”

এ সময় তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্য, প্রত্যয় ও সক্রিয় অংশগ্রহণই আগামী দিনের পথনির্দেশনা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ