জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবে। তারা সম্মান ও যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবে।”
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে জামায়াত আমির আরও বলেন, “বর্তমানে শ্রমিকরা নানা নিপীড়নের শিকার। ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চাঁদাবাজদের জুলুম-নির্যাতনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ মালিক ও শ্রমিক পরস্পরের পরিপূরক। তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার ভিত্তিতেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।”
নারী শ্রমিকদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “পুরুষ কর্মীদের জন্য নামাজের জায়গা ও বিশ্রামের ব্যবস্থা থাকলেও, নারী কর্মীদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি। বৈষম্যহীন সমাজ গড়তে হলে নারী-পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।”
শ্রমিকদের জীবনমানের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেক শ্রমিক এত অল্প বেতন পান যে, ওভারটাইম ছাড়া তাদের জীবন চলে না। এই অমানবিক বাস্তবতা দূর করা সময়ের দাবি। জামায়াত যদি ক্ষমতায় আসে, শ্রমিকদের জন্য উন্নত জীবনমান নিশ্চিত করা হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা জানান, গত ১৫ বছরে হাজারো শ্রমিক অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছেন এবং জেলে পাঠানো হয়েছে। এসব ঘটনার বিচার দাবি করেন নেতারা। পাশাপাশি শ্রমিকবান্ধব আইন প্রণয়ন এবং শ্রমিকদের জন্য স্বাস্থ্যবীমা চালুর আহ্বান জানান।
নেতারা বলেন, “সত্যিকারের উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের প্রতিটি শ্রমিকের মুখে হাসি ফুটবে। শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”


