মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফা কোরআন তেলাওয়াত করেন।
এর আগে বেলা ১২টার পর থেকে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক ও শ্রমিক-সংগ্রামভিত্তিক গান পরিবেশন করেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের ভিড় কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে এসব এলাকার কিছু সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, আবার কিছু সড়কে যান চলাচল ছিল সীমিত। ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।


