27.2 C
Dhaka
Monday, June 15, 2026

বিএনপি না জামায়াত—কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে ইসলামপন্থি দলগুলোর মধ্যে মতভেদ ও দ্বন্দ্ব থাকলেও, আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এখন ‘এক বাক্সে ভোট’ আনার স্লোগানে ঐক্যের চেষ্টা দেখা যাচ্ছে। বিশেষ করে কওমি মাদ্রাসাভিত্তিক পাঁচটি দল নির্বাচনী জোট গঠনের তৎপরতা চালাচ্ছে। তবে বড় ইসলামি দল জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সংশয় রয়েছে। বিএনপিও এসব দলকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলের রাজনৈতিক তৎপরতা বেড়েছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতের ভিন্ন অবস্থানও আলোচনায় এসেছে। ইসলামি দলগুলোর নেতারা মনে করছেন, রাজনীতিতে তাদের প্রভাব বাড়ানোর এটাই সুযোগ, তাই তারা ঐক্য গঠনের উদ্যোগ নিচ্ছেন।

তবে অনেকেই মনে করছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে দলগুলোর মধ্যে মেরুকরণ বাড়বে এবং ঐক্য অনিশ্চিত হতে পারে। বিএনপি ও জামায়াতের সম্ভাব্য অবস্থান এসব দলকে দুই বলয়ে ভাগ করতে পারে।

জামায়াত অতীতে অন্যান্য ইসলামি দলের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও সম্প্রতি বরিশালে চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ সেই দূরত্ব কমানোর ইঙ্গিত দেয়। এরপর জামায়াত বিভিন্ন দলের সঙ্গে ঐক্য গঠনের বিষয়ে আলোচনাও করে। কিন্তু এখন জামায়াত ঐক্যের উদ্যোগে সরাসরি অংশ নিচ্ছে না।

জামায়াত আমির শফিকুর রহমান বলছেন, অন্য দলগুলোর জোট গঠনের উদ্যোগকে সম্মান করলেও জামায়াতের অংশগ্রহণ নিয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। বরং নির্বাচনের সময় ঘনিয়ে এলে নতুন করে মেরুকরণ হবে বলেই মন্তব্য করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াত ও বিএনপির পূর্বের জোট প্রাসঙ্গিক নাও হতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তবে বিএনপি এককভাবে নির্বাচন করলেও ইসলামপন্থি দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু আসন ছাড়তে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে যে নির্বাচনী ঐক্য গঠনের চেষ্টা চলছে, তাতে রয়েছে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম। এই পাঁচটি দলেরই নিবন্ধন আছে। তবে তারা বলছে, এটি একটি নির্বাচনকেন্দ্রিক জোট, স্থায়ী নয়।

হেফাজতে ইসলামও তৎপর হয়ে উঠেছে। ৩ মে ঢাকায় তাদের সমাবেশের মাধ্যমে ২০১৩ সালের শাপলা চত্বরে নিহতদের স্মরণ এবং মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরছে তারা।

বর্তমানে প্রায় সব ইসলামপন্থি দলই আওয়ামী লীগবিরোধী অবস্থানে রয়েছে। রাজনীতিতে অনেকের ধারণা, যদি নির্বাচন হয়, তবে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। সে কারণে এসব দল বিএনপির কাছাকাছি থাকার কৌশল নিতে পারে।

তবে বিএনপি কোনো আনুষ্ঠানিক জোটে না গেলেও যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো বা ইসলামপন্থিদের কিছু আসন দিয়ে তাদের পাশে রাখার চেষ্টা করতে পারে।

নির্বাচনে জামায়াত ছাড়া অন্য ইসলামি দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা কম, ফলে বিএনপির সঙ্গে আসনভিত্তিক সমঝোতা করলে তাদের জয়ের সম্ভাবনা বাড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বাস্তবতায় ইসলামপন্থি দলগুলোর ঐক্য প্রচেষ্টা অনেকটাই বিএনপির সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই নির্ধারিত হবে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ