চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে ঘোষণা দেওয়া হলেও তিনি আর সাধারণ ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে বিএনপি।
শনিবার (৩ মে) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ৫ মে দেশে আসছেন।”
এর আগে শুক্রবার (২ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “ইনশাআল্লাহ ম্যাডাম ৫ মে সকালে দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান—থাকবেন।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, আগের চাইতে ভালো আছেন।”
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। অর্ধযুগেরও বেশি সময় পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করেন।


