নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি চলতি সপ্তাহে পুনরায় শুরু হচ্ছে। আইনজীবীদের মতে, আগামী মঙ্গলবার বা বুধবার মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে।
রোববার (৪ মে) সকালে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে জামায়াতের পক্ষে দ্রুত শুনানির আবেদন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।
আবেদনে বলা হয়, জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি দলটির রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পূর্বে শুরু হওয়া আপিল শুনানি হঠাৎ স্থগিত হয়ে যায়, তাই মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য পুনরায় শুনানির প্রয়োজনীয়তা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। জামায়াত এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে।
তবে ২০২৩ সালের নভেম্বরে আপিল বিভাগের শুনানিতে জামায়াতের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ ‘ডিসমিস ফর ডিফল্ট’ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে এবং জামায়াতের নিবন্ধন অবৈধ থাকে।
জামায়াত এখন আবার সেই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে পুনরায় আপিল বিভাগে শুনানি চেয়ে আবেদন করেছে।


