জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ বার্তা জানান তিনি।
সারজিস আলম লেখেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
প্রসঙ্গত, দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তার দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।


