লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।
পথে পথে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তাকে বহনকারী গাড়িবহর পৌঁছালে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ড. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। তার গাড়ি বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। গুলশানের পথে রওনার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান, এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি। তার শারীরিক অবস্থার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজ উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান, যাতে করে তিনি লন্ডন যান এবং একই বিমানে করেই দেশে ফেরেন।


