29.1 C
Dhaka
Monday, June 15, 2026

শেখ হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে অন্তর্বর্তী সরকার: রিজভী

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মতো বিভিন্ন ‘ন্যারেটিভ’ (বর্ণনাচিত্র) তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “গত ১৫-১৬ বছর আগে গুম হওয়া বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছেন—সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই।”

শনিবার (১০ মে) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “অদ্ভুত এই অন্তর্বর্তী সরকার। তাদের আইনশৃঙ্খলা বাহিনীও অদ্ভুত। যারা গুম হয়েছে, তাদের বাড়িতে অভিযান হচ্ছে; আর যাদের বিরুদ্ধে খুনের মামলা, তারা এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে—কোনো খবর নেই! এতে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক। সরকার প্রকৃত ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে কি না, সেই প্রশ্নও উঠছে।”

তিনি বলেন, “শেখ হাসিনা ছিলেন একটি অনির্বাচিত, জবাবদিহিহীন শাসক। তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন না, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চাকে গুরুত্ব দিতেন না। জঙ্গি, নাশকতার মতো অপপ্রচার চালিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। এখনো নানা উপায়ে ঠিক সেভাবেই ন্যারেটিভ তৈরি হচ্ছে। তাহলে তো পুনরাবৃত্তি হচ্ছে আগের স্বৈরশাসনের।”

দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে তাদের জবাবদিহি থাকত। আজ শাকসবজি, মুরগির দাম আকাশচুম্বী—কিন্তু কেউ দায় নিচ্ছে না। আদাবরে সারারাত বিদ্যুৎ ছিল না, আমরা অভিযোগ জানাব কার কাছে? সংসদ সদস্য নেই, মেয়র নেই, কোনো দায়বদ্ধতাও নেই।”

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে গড়িমসি করার অভিযোগ করে রিজভী বলেন, “এটা হচ্ছে সবচেয়ে বড় সন্দেহ। মানুষ ভাবছে, এই সরকার আদৌ কি নির্বাচন দিতে চায়? যদি তাই না হতো, তাহলে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের মামলার আসামি—তিনি কীভাবে পালিয়ে যান?”

তিনি আরও বলেন, “গুম হওয়া সুমনের বোন সানজিদা তুলি ‘মায়ের ডাক’ নামে সংগঠন করে দীর্ঘদিন ধরে গুম হওয়া মানুষদের ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন। সরকার নিশ্চয়ই এসব জানে। তারপরও তাদের বাড়িতে অভিযান—কী অদ্ভুত না?”

আলোচনা সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির, ছাত্রদলের ডা. তৌহিদ আওয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ