29.1 C
Dhaka
Monday, June 15, 2026

শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভীর অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “সরকার একটি নিরব ভূমিকা পালন করছে, যা জনমনে সন্দেহ বাড়িয়ে তুলছে। মানুষ এখন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, অথচ সরকার নীরবতা বজায় রেখেছে।”

তিনি সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন, “সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভী বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন। তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন, আর মুখে বলতেন গণতন্ত্রের কথা।”

রিজভী বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পেরেছে। “মানুষ খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি আপসহীন গণতন্ত্রের প্রতীক ছিলেন।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে দেশত্যাগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি প্রশ্ন তোলেন, “ফ্যাসিবাদের প্রতীক আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়লেন? তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এ ঘটনা ঠেকানো যায়নি?”

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। রিজভী বলেন, “ভারত যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচার চালায়, তখনো বাংলাদেশ বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্ধুত্ব যদি একতরফা হয়, তবে তা কখনও টেকসই হয় না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ