আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।
রোববার (১১ মে) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ এখন একটি মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশে কিংবা বিদেশে দলটির কোনো গ্রহণযোগ্যতা বা রাজনৈতিক স্বীকৃতি নেই। তাদের ডিএনএতেই গণতন্ত্রের ছিটেফোঁটা নেই। গণতন্ত্র মানে না বলেই তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে এসেছে। ফলে দল হিসেবে তাদের বিচার হওয়া সময়ের দাবি ছিল।”
আইন সংশোধনের মাধ্যমে বিচার ও নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘গণমানুষের জয়’ বলে অভিহিত করেন তিনি। সালাহউদ্দিন বলেন, “বিএনপি এই সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।”
এ সময় তিনি বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে সরকারকে ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেশের জনগণ আর প্রতারণার ফাঁদে পা দেবে না।”
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার সম্প্রতি আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও।


