বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোকে ঘিরে গত এক সপ্তাহে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়। চলমান কর্মসূচির ফলে সৃষ্ট জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই অনুশোচনা প্রকাশ করেন।
ইশরাক হোসেন বলেন, ‘আপনারা জানেন, আমাদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনগণ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল, নাগরিক সেবা ব্যাহত হয়েছে। এই অজান্তে সৃষ্ট দুর্ভোগের জন্য আমাদের নেতা, আমি ও আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এটাও বলতে চাই, এই ধরনের কর্মসূচি আমাদের পূর্বপরিকল্পিত ছিল না। বর্তমান সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নামি।’
এর আগে চলমান আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করেন ইশরাক হোসেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে নগর ভবনের সব ফটকে তালা দিয়ে আন্দোলনে নামেন তাঁর সমর্থকেরা। এর ফলে টানা বন্ধ রয়েছে নগর ভবনের প্রশাসনিক কার্যক্রম। এতে নগরবাসী ভোগান্তির মুখে পড়েন।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদ মোড়েও অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।


