দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে জবাবদিহিতা নেই। আর তাই পাড়া-মহল্লায় এত সন্ত্রাস। দেশে এখন কেউ নিরাপত্তা পাচ্ছে না। হত্যাকাণ্ডের পরিস্থিতির উন্নতিও হচ্ছে না।
এ সময় তিনি বলেন, সংস্কার করতে বেশি সময় লাগে না। ডিসেম্বরের আগেই সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য প্রস্তুত করার দাবি জানান তিনি। সেইসাথে, জনগণ তার মনোনীত সরকার পাচ্ছে না উল্লেখ করে এর প্রতিবাদ করার আহ্বানও জানান।
বিক্ষোভ সমাবেশে রিজভী আরও বলেন, গত ২২ মে যশোর জেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পরে তিনি জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


