ঢাকা, ২৮ মে ২০২৫ —
সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার (২৮ মে) রাজধানীর পল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “সরকারকে সহযোগিতা দিচ্ছি, দেব। আশা করি তারা সফল হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবেন তারা।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চেয়েছে বিএনপি। যদি গণতন্ত্র চাওয়া অপরাধ হয়, তবে তা বারবার করবে বিএনপি।”
তিনি আরও বলেন, “বিএনপি আশা করে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিশ্চিত করবে এবং দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে।”
সরকারপ্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশের একমাত্র রাজনৈতিক শত্রু শেখ হাসিনা। স্বৈরাচারের যেন আর উত্থান না হয়—সেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধান চায় বিএনপি।”
সমাবেশ শুরু হওয়ার অনেক আগেই সকাল থেকে নয়াপল্টনের আশপাশ এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই নয়াপল্টনসহ আশেপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।
মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত বিস্তীর্ণ সড়কজুড়ে অবস্থান নেন নেতাকর্মীরা।
সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা না করে অবিলম্বে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও জানান তারা।


