ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ দেখছে না বিএনপি। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাকরাইলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাসন, নির্যাতন, কারাবাস, আয়নাঘরের মধ্য দিয়ে যারা ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজ তাদের দেশদ্রোহী বানানোর চেষ্টা চলছে। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গণতান্ত্রিক আন্দোলনকে কলঙ্কিত করছে।
তিনি বলেন, আমরা যারা নির্বাচন চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই, নির্বাচন ও জনগণের পক্ষে কথা বলি, তাদেরই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া বলে প্রচার করা হচ্ছে। কারণ, তারা নির্বাচন ও গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে তুলতে চায় না। তারা চায় বাংলাদেশ বিদেশনির্ভর থাকুক। এজন্য আমাদের দেশদ্রোহী কিংবা অন্য দেশের এজেন্ট বানানোর চেষ্টা চলছে। এমনকি আমাদের সন্তানদেরও এই প্রচারণার অংশ বানিয়ে ফেলা হচ্ছে। আমার ওপর যে নির্যাতন ও অত্যাচার হয়েছে, তার সবচেয়ে বড় ভুক্তভোগী আমার পরিবার।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন সৃষ্টি করছে। নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা নারাজ। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। সংস্কার কমিশনের নিজেদের মতো সংস্কার জাতিকে কেন মেনে নিতে হবে— সেই প্রশ্নও তোলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ২ তারিখে প্রধান উপদেষ্টা বিএনপিকে আহ্বান জানিয়েছেন। ডিসেম্বরের বাইরে নির্বাচন না হওয়ার কোনও যৌক্তিক কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।


