জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৪ জুন) বিকেলে তিনি বলেন, “জামায়াত নিবন্ধনসহ প্রতীকও ফিরে পাচ্ছে।”
এর আগে, চলতি মাসের ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামায়াতের পক্ষে এ রায় দেন।
আদালত রায়ে আরও বলেন, দলটির নিবন্ধন সংক্রান্ত কোনো ইস্যু বা আবেদন থাকলে তা সংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান সানাউল্লাহ।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, পেন্ডিং রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে ইসি জামায়াতের আবেদনের নিষ্পত্তি করতে বাধ্য। এর ধারাবাহিকতায় দলটি নিবন্ধনের স্বীকৃতি ও পূর্বের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় পাচ্ছে।


