28.4 C
Dhaka
Wednesday, June 10, 2026

সব ধর্মেই মানবসেবা পবিত্র কর্তব্য হিসেবে অভিহিত : ধর্ম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মানবসেবা অত্যন্ত মহৎকর্ম। সব ধর্মেই মানবসেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সংস্থাটির অফিসে অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সাহায্য ও সহানুভূতির কথা বলা হয়েছে। প্রতিটি ধর্মে মানবসেবাকে পবিত্র কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে। এর মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি এবং আত্মত্যাগের মতো গুণাবলির বিকাশ ঘটে। এটি মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে।’

ড. খালিদ মানবসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এটি সমাজে সহানুভূতির বিকাশ ও সামাজিক বন্ধনকে মজবুত করে। মানুষ যখন পরস্পরের পাশে দাঁড়ায় তখন সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এতে সামাজিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে।’ তিনি আরও বলেন, ‘মানবসেবার মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, সেটা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন করা যায় না।’

আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘এ সংস্থাটি বহুদিন ধরে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। অসহায় ও এতিমদের প্রতিপালন, মসজিদ-মাদরাসা স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বানভাসি মানুষের সহায়তাসহ নানা ধরনের সেবাধর্মী কার্যক্রম এই সংগঠনটি করে থাকে।’ তিনি আশা প্রকাশ করেন যে, সংস্থাটি আগামীতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

পরে উপদেষ্টা সারা দেশের ৮১টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেন। অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব মাহফুজুল হক এবং সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বেসরকারি সংস্থা রাবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল।

এর আগে উপদেষ্টা রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ