কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানাসহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করবে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। তিনি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করতে এবং সিসি ক্যামেরা স্থাপন করার আহ্বান জানান।
তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
এর আগে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে জানিয়ে তিনি বলেন, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে এবং নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই কমপ্লেক্সে অনাথ-এতিমদের পড়াশোনা ও থাকার সুযোগ, সমৃদ্ধ লাইব্রেরি, আইটি সেকশন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা থাকবে।
এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাগলা মসজিদের ইমাম ও মোতাওয়াল্লীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি আল জামিয়াতুল এমদাদিয়া আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করেন।


