বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী ৪৮টি ক্লাব। একইসঙ্গে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে অভিহিত করেছে তারা।
দেশের ঘরোয়া ক্রিকেটের মূল চালিকাশক্তি এসব ক্লাব দীর্ঘদিন ধরেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আসছে। এবার তারা ঘরোয়া ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান এ ঘোষণা দেন। বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে তিনি বলেন, “আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে গত শনিবার তারা বিসিবি নির্বাচন স্থগিতসহ তিন দফা দাবি উত্থাপন করেছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়। দাবিগুলো ছিল—
১. বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচন পুনঃতফসিল ঘোষণা,
২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর, এবং
৩. নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরবর্তী ভোট আয়োজন।
তাদের এসব দাবি উপেক্ষা করে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন, যেখানে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, “আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট ও দিনের কারচুপি দেখেছি। কিন্তু এবারের ভোটের মতো প্রকাশ্য প্রহসন আগে কখনও দেখিনি। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিচ্ছি।”
তিনি আরও দাবি করেন, বুলবুল অবৈধভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ক্লাবগুলোর ‘বিদ্রোহী সংগঠক’ হিসেবে পরিচিতি দেওয়া অন্যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান, এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ আরও অনেকে।


