28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

এস আলম গ্রুপের সকল সম্পত্তির তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশ

advertisment
- Advertisement -spot_img

এস আলম গ্রুপের মালিকানায় থাকা সমস্ত স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ-সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের এর হাইকোর্ট বেঞ্চ রোববার (২৯ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

আইন সচিব, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে আগামী এক মাসের মধ্যে এসব সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী মো. রুকুনুজ্জামান।

এর আগে এস আলম গ্রুপের মালিকানায় থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।

পাশাপাশি এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয় রিটে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রিটে বিবাদী করা হয়।

আইনজীবী মো. রুকুনুজ্জামান সাংবাদিকদের জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রোকের নির্দেশনা চাওয়া হয় রিটে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এর আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও অন্যান্য ব্যবসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেওয়া মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায়সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী।

আইনি নোটিশ অনুযায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রিটাকারী আইনজীবী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ