বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং তা গণশুনানির মাধ্যমে হবে, সরকারের সিদ্ধান্তে নয়। তিনি বলেন, এই প্রক্রিয়াটি বিইআরসি পরিচালনা করবে।
রোববার রাজধানীর একটি হোটেলে জ্বালানি বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির আরও উল্লেখ করেন, আগের সরকারগুলো জ্বালানি খাতে জনগণকে প্রতারণা করেছে। তাদের গ্যাস অনুসন্ধানে তেমন আগ্রহ ছিল না, বরং জরুরি অবস্থা আর চাহিদার অজুহাতে বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলেছিল।
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে তিনি বলেন, এর উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে হলে দরপত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার এখন নেই, তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। মন্ত্রণালয়ে কোনো নির্ধারিত বিডার নেই বলেও তিনি জানান।
ফাওজুল কবির বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলনের সমালোচনা করে বলেন, এখন অনেকেই নানা দাবি নিয়ে আন্দোলন করছেন, যেন এটি ধান কাটার মৌসুম। তবে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, এবং এ সরকারকে দুর্বল ভাবলে তা হবে একটি ভুল।


